পরিবেশ দিবস পালিত
সবার জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গতকাল শুক্রবার পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন দিবসটিতে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পালন করে।
দিবসটি উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদ যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা দেশের পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার ব্যাপারে জোর দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় দেশের পরিবেশ রক্ষায় ২১টি প্রস্তাব তুলে ধরা হয়। ঢাকা নগরকে বাসযোগ্য করতে উন্নয়নকাজকে পরিবেশবান্ধব করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম সফিউল্লাহ, পবার চেয়ারম্যান আবু নাসের খানসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতারা।
পরিবেশ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ খামারবাড়ীর মিলনায়তনে বাংলাদেশের টেকসই কৃষির জন্য পরিবেশবান্ধব পদ্ধতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর ও চারটি বেসরকারি সংস্থা যৌথভাবে পরিবেশ দিবসের আলোচনা সভার আয়োজন করে। ‘সবার জন্য বাসযোগ্য বিশ্ব আমাদের করণীয়’ শীর্ষক ওই আলোচনায় পরিবেশ অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও পরিবেশবাদী সংগঠনের নেতারা বক্তব্য দেন।