পরিবেশ দিবসে লাউয়াছড়ায় প্রাণী অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল শনিবার বিকেলে কয়েকটি প্রাণী অবমুক্ত করেছে শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর আগে সকালে হাইল হাওরে বিভিন্ন প্রজাতির ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। বিকেল সাড়ে চারটায় লাউয়াছড়ায় প্রাণীগুলো অবমুক্ত করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ। এ সময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম, শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি জসিম উদ্দিন, মো. গোলাম মোস্তফা। অবমুক্ত প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি লজ্জাবতী বানর, একটি ভারতীয় বাদামি বানর, একটি পালাসী ইগল। এ ছাড়া বন্য প্রাণীর খাদ্যের জোগান দিতে উদ্যানের জানকী ছড়ায় (খাল) ১০০টি কাঁকড়া ও প্রায় পাঁচ কেজি কুচিয়া ছাড়া হয়। মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব জানান, ভারতীয় বাদামি বানরটি গত ১৮ মে মৌলভীবাজারের নিতেশ্বরে গ্রামবাসীর হাতে ধরা পড়ে। লজ্জাবতী বানরটি ২০ মে শ্রীমঙ্গল উপজেলার আলিসারকুল গ্রাম থেকে উদ্ধার করা হয়। আর পালাসী ইগলটি ধরা পড়ে হাইল হাওরসংলগ্ন শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া গ্রামে একটি মাছের খামারে পাতানো জালে। এগুলো উদ্ধার করে তিনি মিনি চিড়িয়াখানায় এনে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করেন।