পরিবেশ দিবসেও কাটা হয়েছে সিলেটের সেই টিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিবেশ দিবস ছিল গত বৃহস্পতিবার। ওই দিনটিতেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে উঁচু ও বড় টিলাটির ধ্বংস নিশ্চিত হলো। টানা নয় দিন ধরে মাটি কাটা যন্ত্রের (এক্সকাভেটর) সাহায্যে টিলাটিকে কেটে ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০ আসনবিশিষ্ট পাঁচতলা একটি ছাত্রাবাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান টিলাটি কাটা শুরু করে। এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘টিলা কেটে পুকুর ভরাট’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর স্থানীয় পরিবেশ অধিদপ্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেয়।
সরেজমিনে দেখা গেছে, এত দিন ধরে একটি এক্সকাভেটরের সাহায্যে মাটি কাটা হলেও বৃহস্পতিবার দুটি এক্সকাভেটর দিয়ে মাটি কাটা চেলছে। জনা দশেক শ্রমিকের স্থলে প্রায় দ্বিগুণ শ্রমিক কাজে লাগানো হয়েছে। গতকাল শুক্রবারও দুটি এক্সকাভেটর দিয়ে মাটি কেটে পাশের পুকুরে ফেলা হয়৷ এই কদিনে পুরো টিলাটিকে কেটে ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে।
টিলাটির পাশে একাধিক ছাত্রাবাস অবস্থিত। সেসব ছাত্রাবাসের একাধিক বাসিন্দা জানান, পত্রিকায় টিলা কাটার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরের দুই দিন রাতে টিলা কাটার কাজ চলে। তবে দুই দিন ধরে পরিবেশ অধিদপ্তরের নোটিশ অগ্রাহ্য করে প্রকাশ্যেই টিলাটি কেটে ফেলা হচ্ছে।
তবে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ছালাহ উদ্দীন চৌধুরীকে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকর্মীদের নিশ্চুপ ভূমিকা আমাদের হতাশ করেছে। গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর টিলাটিকে বাঁচানো সম্ভব ছিল। কিন্তু সেটি সংশ্লিষ্ট ব্যক্তিরা করেননি। এখন টিলাটির এতই রুগ্ণদশা হয়েছে যে ইচ্ছা করলেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।’
বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ তত্ত্বাবধানকারী প্রকৌশল শাখার প্রধান প্রকৌশলী মো. ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, ‘টিলা কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পাঠানো নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি চলছে।’ দুটি এক্সকাভেটরের সাহায্যে মাটি কেটে টিলাটির চূড়ান্ত ধ্বংসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।’