পরিবেশ দূষণ করায় কোটি টাকা জরিমানা
গাজীপুরের টঙ্গীর তিলারগাতী এলাকায় অবস্থিত কনসেপ্ট নিটিং অ্যান্ড ডায়িং কারখানাকে কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশদূষণের দায়ে গতকাল বৃহস্পতিবার ওই কারখানাকে এক কোটি চার লাখ ৩৩ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে পরিবেশদূষণের দায়ে কনসেপ্ট নিটিং অ্যান্ড ডায়িং কারখানাকে ওই টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে কারখানায় ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। কনসেপ্ট নিটিং অ্যান্ড ডায়িং কারখানা নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোর চার-এর পাতায় ‘ডায়িং কারখানার বর্জ্য জমিতে, শত একরে চাষাবাদ বন্ধ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের পর পরিবেশ অধিদপ্তর গতকাল ওই কারখানায় অভিযান চালায়। পরে সংবাদের সত্যতা পেয়ে ওই জরিমানা করা হয়। কারখানার মহাব্যবস্থাপক আহমদুল ইসলাম বলেন, তাঁরা ভবিষ্যতে পরিবেশ অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করে কারখানা পরিচালনা করবেন। মো. আলমগীর বলেন, তাঁদের পরিবেশদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু অভিযানের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য শিল্পোদ্যোক্তা, সুশীল সমাজ, সাংবাদিক ও জনগণকে সচেতন হতে হবে।