পরিবেশ দূষণের দায়ে সোয়া দুই কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলের বর্জ্যে পরিবেশদূষণের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলস লিমিটেড কর্তৃপক্ষকে সোয়া দুই কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ রক্ষার স্বার্থে ওই মিলের ডাইং অংশের উৎপাদন বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ দল ওই মিলে সরেজমিনে অভিযান চালিয়ে পরিবেশদূষণের প্রমাণ পেয়ে জরিমানার এই আদেশ দেয়। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী দলের অন্যান্য সদস্যদের নিয়ে ওই টেক্সটাইল মিলের চারপাশ সরেজমিন ঘুরে দেখেন। এ সময় তিনি তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষার মাধ্যমে ওই মিলের বর্জ্যে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পদার্থ পান। পরে এনফোর্সমেন্টের পরিচালক মুনীর চৌধুরী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৭ ধারা মোতাবেক ওই মিল কর্তৃপক্ষকে দুই কোটি ২৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করে তা ৫ জানুয়ারির মধ্যে পরিশোধের নির্দেশ দেন। পাশাপাশি মিলের উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। এ সময় দলটি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গেও কথা বলে। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আবদুল আজিম বলেন, মিলটিকে ইতিপূর্বে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও তারা সাড়া দেয়নি। তিনি জানান, মিলের ইটিপি প্ল্যান্টটি কার্যকর নয়। এটি ময়মনসিংহের সর্বোচ্চ জরিমানার ঘটনা। পরে বিকেলে দলটি ত্রিশালের রাগামাড়া বাজার এলাকার মিলন ব্রিক্সের ড্রাম চিমনি ভেঙে ফেলে। অবৈধভাবে ড্রাম চিমনি ব্যবহার করায় মিলমালিককে নোটিশ দেওয়া হয়েছে।অভিযান পরিচালনাকারী দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান আকন্দ, আবদুল্লাহ আল মামুন ও আবদুল আজিম।