পরিবেশ ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা চাই দেশে আরও বিদ্যুৎ উৎপাদিত হোক; উন্নয়ন হোক। কিন্তু পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে তা চাই না।’
গতকাল শনিবার খুলনায় ‘দক্ষিণাঞ্চলের উন্নয়ন ভাবনা ও সুন্দরবন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থিত শিক্ষক সংগঠন ‘ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন’ নগরের একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র হলে এর ফল শুভ হবে না। তারপরও সরকার যেকোনোভাবে এখানেই বিদ্যুৎকেন্দ্র করতে চায়।
ইউনেসকোর প্রতিবেদনের উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘ইউনেসকোও বলছে, বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবীর বিবেকবান মানুষ বলছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবন ধ্বংস করবে। বাংলাদেশের বিশেষজ্ঞরাও এই প্রকল্প বন্ধের দাবি জানিয়েছেন। তারপরও প্রভুদের খুশি করার জন্য এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।’
সরকার আবার আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠনের পথে হাঁটছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, নিজেদের তৈরি সার্চ কমিটির মাধ্যমে এমন নির্বাচন কমিশন করে তারা আরেকটি একতরফা নির্বাচন করতে চায়।
ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহমুদুল হাসান, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি আ ন হ আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি এ বি এম ওবায়েদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।