পরিবেশ ধ্বংসও করছেন রক্ষায়ও নেমেছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেন ছাত্রলীগের নেতা–কর্মীরা l প্রথম আলো
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেন ছাত্রলীগের নেতা–কর্মীরা l প্রথম আলো

মহাসড়ক থেকে অন্তত ৫০ মিটার দূরে স্থাপনের নিয়ম থাকলেও সিলেটের জৈন্তাপুর উপজেলার তিন কিলোমিটার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক ঘেঁষে গড়ে উঠেছে দুই শতাধিক পাথর ভাঙার কল।
এসব কল উচ্ছেদ করতে জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে দেড় মাস আগে আইনি নোটিশ দেয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এরপর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী গঠন করেন ‘বেসরকারি পরিবেশ উন্নয়ন কমিটি’।
গত শনিবার জৈন্তাপুর গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নীতিমালাবহির্ভূত এসব কল উচ্ছেদ তৎপরতায় প্রশাসনের চেয়েও সক্রিয় হয়ে উঠেছে লিয়াকত আলীর নেতৃত্বে গঠিত পরিবেশ উন্নয়ন কমিটি। অবৈধ কল উচ্ছেদে প্রশাসনের অভিযানকে নিয়ন্ত্রণ করতেই এ কমিটি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
বেলা সিলেটের সমন্বয়ক শাহ সাহেদা জানান, সিলেট সদরসহ কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটে নীতিমালাবহির্ভূতভাবে পাথর ভাঙার কল পরিচালিত হচ্ছে। এসব কল পরিবেশ ধ্বংস করছে। পাশাপাশি জনবসতি এলাকায় জনজীবনের জন্যও হুমকি হয়ে পড়ায় গত ২৬ নভেম্বর বেলার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের আইনি নোটিশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলার নোটিশ পেয়ে জৈন্তাপুর উপজেলার ভূমি শাখার জরিপ চালিয়ে দেখেছে, সিলেট-তামাবিল মহাসড়কের আশপাশে অন্তত শতাধিক কল রয়েছে। এসব কল পরিচালনার সঙ্গে সম্পৃক্তদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এর মধ্যে শ্রীপুর এলাকায় ‘বানকান’ নামের একটি পাথর ভাঙার কলের মালিক লিয়াকত আলী। এ অবস্থায় উপজেলা প্রশাসন ১৪ ডিসেম্বর অবৈধ কল উচ্ছেদে কল মালিকদের নির্দেশ দিলে লিয়াকত আলী রাতারাতি ‘বেসরকারি পরিবেশ উন্নয়ন কমিটি’ গঠন করে পরিবেশ রক্ষায় সক্রিয় হন।
২১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হন তিনি নিজেই। বাকি ২০ সদস্যের মধ্যে জৈন্তাপুর ও জাফলং এলাকার পাথর ভাঙার কল মালিকদের রাখা হয়েছে। ১৮ ডিসেম্বর কমিটি ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে অবৈধ কল গুটানোর নির্দেশনাসংবলিত প্রচারপত্র বিলি করা হয়। অথচ গত শনিবার জৈন্তাপুর দেখা গেছে, আওয়ামী লীগ নেতা লিয়াকতসহ কমিটির প্রায় সব সদস্যের মালিকানার কল আগের মতোই চলছে।
কমিটির বাইরে থাকা একাধিক কল মালিক জানান, উপজেলা প্রশাসনের অবৈধ কলবিরোধী অভিযানের নিয়ন্ত্রণ নিতেই লিয়াকত ওই কমিটি গঠন করেছেন।
এ ব্যাপারে লিয়াকত প্রথম আলোকে বলেন, তিনি জৈন্তাপুর ও জাফলংয়ের নির্মল পরিবেশ ফেরাতেই এ কমিটি গঠন করেছেন। নিজের কল বন্ধ না করার বিষয়ে তিনি বলেন, ‘এখানে স্টোন ক্রাশার মিল চালু কিংবা বন্ধ করা বিষয় নয়। সবকটি স্টোন ক্রাশার মিল যাতে নীতিমালার মধ্য দিয়ে পরিচালিত হয়, এ জন্য আমরা তৎপর হয়েছি।’
জৈন্তাপুরের ইউএনও মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ওই কমিটিকে সাহায্য করা প্রশাসনের কাজ নয়। জৈন্তাপুরে ৬৪টি অবৈধ কল অপসারণে অচিরেই প্রশাসন অভিযান চালাবে।