পরিবেশ ধ্বংসের সব চিত্র আইনের গোচরে আনা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, পরিবেশ ধ্বংসের সব চিত্র আইনের গোচরে আনা হচ্ছে না। যেগুলো আনা হচ্ছে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আড়ালে হাজার হাজার পরিবেশ ধ্বংসের ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে আইন আছে। কিন্তু আইনের কার্যকারিতা নেই।
গত শুক্রবার রাতে রোটারি ক্লাব অব জালালাবাদের নেতৃত্বের ৩১তম পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রাত সাড়ে আটটায় এ অনুষ্ঠান হয়। শুরুতে সংগঠনের ‘৩১তম পালা বদলের স্মারক’ উন্মোচন করেন প্রধান বিচারপতিসহ অতিথিরা। পালাবদল কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটওয়ারী, মহানগর জজ আকবর হোসেন মৃধা, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল।
সেবামূলক সংগঠনগুলোকে পরিবেশ সুরক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘বর্তমানে আমাদের প্রধান সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। দেশের আনাচে-কানাচে সবুজ বনাঞ্চল, হাওর-জলাশয়, পাহাড়, টিলা ও কৃষিজমি নষ্ট করে হাউজিং গড়ে তোলা হচ্ছে। এতে করে আমরা দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ দূষণের মতো ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছি। সামাজিক প্রচার-প্রচারণার মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষসহ সব শ্রেণির মানুষকে সচেতন করে তুলতে হবে।’
রোটারিয়ানদের উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, রোটারি ক্লাবগুলো বিশ্বে পোলিও নির্মূলে প্রশংসনীয় অবদান রেখেছে। রোটারিয়ানদের কার্যকর উদ্যোগে আজ পোলিও রোগ শূন্যের কোঠায় নেমে এসেছে। এখন রোটারিয়ানদের পরিবেশের প্রতি নজর দিতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পালাবদল অনুষ্ঠানে রোটারিয়ান প্রেসিডেন্ট সৈয়দ জিয়াউস সামস নতুন প্রেসিডেন্ট নিরেশ চন্দ্র দাশের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।