পরিবেশ নিয়ে পরীক্ষা দিল ৪০০ শিক্ষার্থী
নীলফামারীর সৈয়দপুরের সরকারি কারিগরি মহাবিদ্যালয়ে গতকাল শুক্রবার সকালে পরিবেশ বিষয়ে ৪০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ‘চল তৈরি করি আরও বাসযোগ্য একটি পৃথিবী’ প্রতিপাদ্য সামনে রেখে সৈয়দপুরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওই ৪০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০ জনকে সেরা নির্বাচন করা হয়।
পরিবেশবিজ্ঞান-বিষয়ক সংগঠন ওমেগা প্রাইম বিজ্ঞান সংঘের নীলফামারী শাখা সৈয়দপুর পৌরসভার উদ্যোগে ওই পরীক্ষার আয়োজন করে। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভারও আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সৈয়দপুরের সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমির আলী আজাদ। প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. আজাদ হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্যানেল মেয়র জিয়াউল হক ও শাহিন আখতার। বক্তব্য দেন ওমেগা প্রাইম বিজ্ঞান সংঘের কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামান ইমন, সম্পাদক ফয়সাল খান, নীলফামারী জেলা সমন্বয়ক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, কলেজছাত্র দুরন্ত প্রমুখ।