পরিবেশ পদকপ্রাপ্ত গহের আলী আর নেই
নিজে ভিক্ষা করে রাস্তার ধারে ১০-১২ হাজার তালগাছ লাগিয়ে পরিবেশ পদকপ্রাপ্ত গহের আলী (১০৭) গতকাল সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। নিজের সম্পত্তি বেদখল হয়ে যাওয়ায় গহের আলী জীবিকার জন্য ভিক্ষা করতেন। ১১ বছর ধরে মামলা চালিয়েও সম্পত্তি ফিরে পাননি। ভিক্ষার পাশাপাশি তিনি মানুষের বাড়ি থেকে তালির আঁটি সংগ্রহ করে রাস্তার ধারে লাগাতেন। তাঁর কাজের ওপরে ২০০৮ সালে ৮ নভেম্বর প্রথম আলোতে ‘নিঃস্ব গহের আলীর তাল সম্রাজ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অনেকেই গহের আলীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মহাদেবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাঁকে সম্মাননা প্রদান করা হয়। ২০০৯ সালে তাঁকে পরিবেশ পদক দেওয়া হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পরিবেশ পদক গ্রহণ করেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।