পরিবেশ পরিচালকের বিরুদ্ধে ঘুষের মামলা!
পাহাড় কেটে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার জন্য ২০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলমসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার বায়েজিদ বোস্তামি থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ভবনের মালিক জাকির হোসেন বাদী হয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে মামলাটি করেছেন।তবে জাফর আলম ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, পাহাড় কাটার অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে অধিদপ্তর দুটি মামলা করেছে। এসব মামলায় জেলও খেটেছেন। তাই ক্ষুব্ধ হয়ে জাকির তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।জাকিরের করা মামলার অন্য আসামি হলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবদুর রাজ্জাক। আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৭ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, নগরের বায়েজিদ বোস্তামি থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় নিজের মালিকানাধীন জায়গায় চারতলা আবাসিক ভবন নির্মাণের জন্য ২০০৫ সালের ২০ ডিসেম্বর অনুমতি পান হাজি জাকির হোসেন। এরপর তিনি ভবন নির্মাণের কাজ শুরু করলে জাফর আলম ও আবদুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার অভিযোগ করে কাজ বন্ধ রাখার আদেশ দেন। এ সময় তাঁরা পুনরায় কাজ শুরুর আদেশ প্রদানের জন্য ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বাদী ঘুষ দিতে অসম্মতি জানালে তাঁর বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ এনে ২০০৯ সালে একটি এবং ২০১০ সালে আরেকটি মামলা দায়ের করা হয় বলে আরজিতে উল্লেখ করা হয়। জাকির হোসেন সাংবাদিকদের জানান, ২০১০ সালের ২৪ জুন সীমানাদেয়াল নির্মাণ করতে গেলেও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জাফর আলম ও আবদুর রাজ্জাক বাধা দেন এবং ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন। এদিকে, এই মামলার পর পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর পাহাড় কাটার অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে অধিদপ্তর পরিবেশ আদালতে মামলা (নং ৫২/২০০৯) করে। বিচারাধীন মামলাটিতে জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।