অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
পরিবেশ পেলে তারাও স্বাবলম্বী হয়ে সম্ভাবনা বয়ে আনবে

সবার সহযোগিতা পেলে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রতিবন্ধীরা। তাই তাদের প্রতি অধিক মাত্রায় সহনশীল হতে সমাজের সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, সবার সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ পেলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠে আমাদের জন্য অপার সম্ভাবনা বয়ে আনবে।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল রোববার ‘দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৭’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয়ে ভর্তি না করার মানসিকতা ত্যাগ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকেও এ ব্যাপারে খেয়াল রাখতে হবে।
২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে।’ অটিজম দিবসের এই অনুষ্ঠান আয়োজন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কয়েক বছর আগেও বাংলাদেশে অটিজম সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণা ছিল না। আমার কন্যা সায়মা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে অটিজমের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।’
শেখ হাসিনা আরও বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সব শিশু নিজেদের বাড়ির কাছের সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। এতে তারা স্বাভাবিক বোধসম্পন্ন শিশুদের সঙ্গে মিশে মানুষের ভিন্নতা সম্পর্কে জানবে এবং সেই ভিন্নতাকে মেনে নেওয়ার শিক্ষা পাবে।
শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০১০ সালে একটি বাস্তবমুখী শিক্ষানীতি প্রণয়ন করেছি। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রতিবন্ধিতার কারণে কোনো শিশুকে শিক্ষা কার্যক্রমের বাইরে রাখা যাবে না। এতে তারা ছোটবেলা থেকেই সহনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা লাভ করবে। এর ফলে গোটা সমাজ ব্যবস্থাই উপকৃত হবে।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার, ইন্টারনেটে অন্য সবার মতোই সমান পারদর্শিতার সঙ্গে কাজ করতে সক্ষম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীবান্ধব সফটওয়্যার, অডিও-ভিডিও শিক্ষা-উপকরণ, অবকাঠামো, প্রযুক্তি উদ্ভাবনসহ তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে।
অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন নিশ্চিত করতে এবং পরিবারে ও সমাজে তাদের মর্যাদা বাড়াতে কর্মসংস্থানের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কাজের প্রতি একাগ্রতা থাকে অনেক বেশি। কর্মক্ষেত্রেও তাদের উপস্থিতি অন্যদের তুলনায় সন্তোষজনক। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে তাদের উপযোগী কর্মক্ষেত্র চিহ্নিত করার কাজ চলছে। এ ছাড়া, বিসিএসসহ সব শ্রেণির সরকারি চাকরিতে অটিজমসহ সব প্রতিবন্ধী ব্যক্তির জন্য কোটা সংরক্ষিত রয়েছে। প্রধানমন্ত্রী সব ধরনের প্রতিবন্ধীদের নিয়োগ দিতে বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য সরকারের সুযোগ-সুবিধা প্রদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের বিনা মূল্যে সেবা দিতে ঢাকার মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টার ও একটি ‘স্পেশাল স্কুল ফর চিলড্রেন ও উইথ অটিজম’ স্থাপন করা হয়েছে। সেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলে অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশু শনাক্তকরণসহ বিনা মূল্যে সেবা দিতে ৩২টি মোবাইল থেরাপি ভ্যান চালু রয়েছে।
অটিজম প্রকৃতির বিচিত্র খেয়াল হলেও এই বৈশিষ্ট্যের অধিকারী অনেকেই অত্যন্ত মেধাবী হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বখ্যাতবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, ডারউইন ও নিউটন জীবনের একটা সময় অটিজমের মধ্যে দিয়ে কাটিয়েছেন। সাহিত্যে নোবেল বিজয়ী উইলিয়াম বাটলার, ইয়েটস, ড্যানিশ কবি হানসি এন্ডারসন এবং সুরস্রষ্টা বেটোফেন ও মোজার্ট প্রতিবন্ধী ছিলেন। বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আজীবন প্রতিবন্ধী থেকেও তাঁর আবিষ্কার থেমে থাকেনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অটিজম অতিক্রমে সফল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থাকে বিশেষ সম্মাননা প্রদান করেন।