পরিবেশ বাঁচাতে আইন নয় বিবেকে জোর দেওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পরিবেশদূষণ ও নদী দখল বন্ধে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। কিন্তু তাঁর চারপাশে যাঁরা আছেন, তাঁদের সদিচ্ছার অভাবে পরিবেশবিষয়ক উদ্যোগগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। তিনি বলেন, ধনীকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থার কারণে পরিবেশদূষণ বাড়ছে। পরিবেশ বাঁচাতে পরিবেশবিষয়ক আইন থাকার তেমন প্রয়োজন নেই, এ জন্য বিবেকের ওপর জোর দেওয়া জরুরি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশের সংবিধানে পরিবেশ বিষয়ের অন্তর্ভুক্তি’ শীর্ষক সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সেমিনারের আয়োজন করে।সেমিনারে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার বলেন, পরিবেশ আইন (সংশোধন) বিল-২০১০-এর পর্যালোচনা প্রতিবেদন সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে। বিলটিতে আইনের ধারা অমান্যকারীদের শাস্তির মাত্রা বাড়ানো হয়েছে। এতে সর্বোচ্চ শাস্তি ১০ বছর এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আবদুল মোমিন তালুকদার আরও বলেন, ঢাকার চারপাশের নদী ও জলাশয় অবৈধ দখল ও ভরাট বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। সরকারের সদিচ্ছা থাকলেই এসব জায়গা অবৈধ দখলমুক্ত করা সম্ভব।জলবায়ু পরিবর্তন ও পরিবেশসংক্রান্ত সর্বদলীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সংবিধানে পরিবেশ বিষয়টি অন্তর্ভুক্ত করতে সংবিধান সংশোধনী কমিটির কাছে একটি খসড়া পাঠানো হয়েছে। আশা করি, কমিটি এ খসড়া গ্রহণ করবে।’মূল প্রবন্ধে আবু রায়হান মুহাম্মদ খালিদ বলেন, দারিদ্র্য এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের স্বল্প ভূমি ও প্রাকৃতিক পরিবেশের অতিব্যবহার হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে বলা হয়, সংবিধান তৈরির সময় পরিবেশের বিষয়টি এতটা আলোচিত ছিল না। এ কারণে সংবিধানে পরিবেশ বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ মানবজাতির অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই সংবিধান সংশোধনের যে সুযোগ এসেছে, তাতে পরিবেশ নিয়ে নতুন করে ভাবা এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত।পবার চেয়ারম্যান আবু নাসের খান সেমিনারে সভাপতিত্ব করেন।