পরিবেশ বাঁচাতে হাইল হাওর রক্ষার দাবি
দেশের অন্যতম প্রাকৃতিক জলাভূমি হাইল হাওরের জীববৈচিত্র্য, মাছ-পাখির অভয়াশ্রম বাইক্কা বিল রক্ষা এবং মৎস্য খামারিদের হাত থেকে খাসজমি উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে৷ গত বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন হাইল হাওরবাসী। পরে তাঁরা হাইল হাওরের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন৷
প্রত্যক্ষদর্শী ও হাইল হাওরবাসী সূত্রে জানা গেছে, ওই দিন হাইল হাওরপারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের বরুণা, হাজিপুর, কালাপুর ও গ্রাম শ্রীমঙ্গল থেকে প্রায় এক হাজার নারী-পুরুষ মৌলভীবাজার শহরে আসেন। পরে তাঁরা কোর্ট রোডে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। তাঁরা প্রায় আধা ঘণ্টা কোর্ট রোড অবরোধ করে রাখেন। এ সময় বক্তব্য দেন কালাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফজর আলী, এলাকার আনার মিয়া, আবদুল খালিক প্রমুখ। মানববন্ধন শেষে এলাকাবাসী মিছিল নিয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে হাইল হাওরের পরিবেশ রক্ষা ও খাসজমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি দেন।
এর আগে ১৬ মে একই দাবিতে হাইল হাওরবাসী স্থানীয় বরুণা মাদ্রাসা মাঠে সমাবেশ করেন।
হাজীপুর গ্রামের নুর মিয়া বলেন, ‘আমরা শুকনো মৌসুমে যে খাসজমিতে গরু-মহিষ চরাইতাম। সেখানে অবৈধভাবে ফিশারি করা হচ্ছে। গরিব মানুষ ভাসান পানিতে বর্ষা মৌসুমে মাছ ধরত। এখন পারে না।’ একই গ্রামের ওয়াছিল মিয়া বলেন, ‘আমরা এখন নৌকা লইয়া চলতাম পারি না। ফিশারির পারে দিয়া গেলেও মারধর করা হয়।’
বাইক্কা বিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিন্নত আলী বলেন, হাইল হাওরের প্রাকৃতিক সম্পদ বিলুপ্তির পথে। হাইল হাওর বলতে এখন আর কিছু থাকছে না।
ইউপি সদস্য ফজর আলী বলেন, ‘এলাকার প্রায় ৫০০ একর খাসজমি থেকে প্রায় ৩০০ অসহায়-গরিব ভূমিহীনদের উচ্ছেদ করে ফিশারি করা হচ্ছে। গরিব মানুষ হাওরে গিয়ে মাছ ধরতে পারে না। আমরা হাওর রক্ষায় এখন আইনি সহযোগিতা চাইছি।’