পরিবেশ বাঁচিয়েই আগামীর স্থাপত্য

সঠিক ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণশৈলীকে প্রাধান্য দিয়ে স্থাপত্যশিল্পে দেশজ সংস্কৃতির সংযোগ ঘটানোর ওপর জোর দিয়েছেন স্থাপত্যবিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে লোকেশনস: অ্যান্থলজি অব আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম শীর্ষক গ্রন্থটির প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক প্রকাশনা সংস্থা অরো এডিশনস ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে বইটি প্রকাশ করেছে। এটি সম্পাদনা করেছেন বেঙ্গল ইনস্টিটিউটের মহাপরিচালক স্থপতি কাজী খালিদ আশরাফ। বইটিতে বিশ্বের শীর্ষস্থানীয় স্থপতিদের কয়েকটি সাম্প্রতিক গবেষণা ও সাক্ষাৎকার স্থান পেয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থাপত্য ভাবনায় ভৌগোলিক অবস্থান, বিশ্বায়নের প্রভাব ও নগরমুখী জনসংখ্যার চাপের সঙ্গে সংকুচিত প্রাকৃতিক সম্পদের মতো বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। স্থাপত্য পরিকল্পনার ক্ষেত্রে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে মানুষের সঙ্গে তার সহাবস্থান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট স্থাপত্যবিদ্যাকে অভিহিত করেন নির্মাণশিল্পে প্রকৃতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করার মাধ্যম হিসেবে। বিদ্যমান প্রেক্ষাপটে বাংলাদেশি স্থাপত্যের ভূয়সী প্রশংসা করেন তিনি।
স্থপতি শামসুল ওয়ারেশ বলেন, ভূমির চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়েই মানুষকে টিকে থাকতে হয়। এ জন্যই স্থাপত্যবিদ্যা মানুষের জীবনধারায় এত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম শহরগুলোকে মানবিক ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে দিল্লি ও বেইজিংয়ের পরিবেশগত বিপর্যয়ের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তিনি বলেন, স্থাপত্য মানে কেবল ভবন নির্মাণ নয়। এটি একটি এলাকা, একটি শহর কিংবা অনেক ক্ষেত্রে একটি দেশ কেমন হবে তার নির্দেশনা দেয়।
সূচনা বক্তব্যে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ভবিষ্যৎ বাংলাদেশের নগরায়ণ ও সব শ্রেণির মানুষের জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে বেঙ্গল ইনস্টিটিউটের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এ ছাড়া প্রকাশিত গ্রন্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কাজী খালিদ আশরাফ।