পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান পবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বিধ্বংসী রাজনীতি যাঁরা করেন, তাঁদের রাজনীতি করার কোনো যোগ্যতা নেই। বিরোধী দলে থাকলেও গাছ ও পরিবেশের ক্ষতি না করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

আজ বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রাজনৈতিক সহিংসতায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ মে হেফাজতে ইসলাম ঢাকার মতিঝিলে মহাসমাবেশে মতিঝিল ও পল্টন এলাকায় রাস্তার গাছ কাটার নিয়ম শুরু করে। এরপর কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরের রাস্তায় দুই দিনে প্রায় ২০ হাজার গাছ কাটা হয়। এ বছর রাজনীতির সহিংসতায় দেশের বিভিন্ন জেলায় ৬৪ হাজার গাছ নিধন করা হয়েছে। বৃক্ষনিধনে অর্থনৈতিক ক্ষতি ১০ হাজার কোটি টাকা।

এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করতে রাজনৈতিক সংগঠনগুলোর কাছে অনুরোধ জানান পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতায় এ বছর যে পরিমাণ গাছ কাটা হয়েছে, তার ক্ষতি কাটিয়ে উঠতে ২০-৩০ বছর লাগবে এবং দেশে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এই সম্পদ রাষ্ট্রের ও  জনগণের।