পরিবেশবিধ্বংসী পাথর উত্তোলন যন্ত্র ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অভিযান চালিয়ে পরিবেশবিধ্বংসী পাথর উত্তোলনের ১০টি যন্ত্র ধ্বংস করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ যন্ত্র ব্যবহার রোধে গঠিত টাস্কফোর্সের এক অভিযানে ওই সব যন্ত্র ধ্বংস করা হয়।
অভিযানে প্রতিনিধিত্বকারী পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক নাজমুল হুদা বলেন, এ যন্ত্র মূলত পাওয়ার পাম্প ও পাইপ দিয়ে তৈরি পাথর উত্তোলনযন্ত্র। এটি চালালে বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। এ যন্ত্রের সাহায্যে মাটির প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করা সম্ভব। এ কারণে ভূগর্ভস্থ মাটির স্তর পরিবর্তন হয়ে ভূপ্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। এর প্রেক্ষাপটে ২০০৯ সালে বাংলাদেশ আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতে রিট আবেদন করলে এ যন্ত্র নিষিদ্ধ করা হয়। তবু একটি ব্যবসায়ী চক্র গোপনে ওই সব যন্ত্র ব্যবহার করে আসছিল।