পরিবেশ বিনাশে দায়ী দাতাদের ভুল নীতি আর রাষ্ট্রীয় দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর ভুল নীতি ও বিনিয়োগ এবং রাষ্ট্রীয় দুর্নীতি এ দেশে পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। এই বিপর্যয় রোধ করতে দুর্নীতির বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত আলোচনা সভায় এ মত দিয়েছেন বিশিষ্টজনেরা।
‘দুর্নীতিগ্রস্ত নীতি ও পরিবেশ বিপর্যয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরী।
সভায় অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘মাগুরছড়া ও টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণে প্রায় ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু এ পরিবেশ বিনাশী কাজের ক্ষতিপূরণ আদায়ে কোনো সরকারকেই সচেষ্ট হতে দেখা যায়নি।...দুর্নীতিবাজেরা যখন রাষ্ট্র পরিচালনা করেন, তখন তাঁদের আর নীতি লঙ্ঘন করতে হয় না। নিজেদের স্বার্থে তাঁরা নীতি বানাতে পারেন।’
আনু মুহাম্মদ অভিযোগ করেন, জল-জলাভূমি সবকিছু দখলের উৎসব চলছে। দখলের ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। আর প্রতিপক্ষকে ঘায়েল করতে র‌্যাব-পুলিশকেও ব্যবহার করা হয়। বিজ্ঞাপন ও স্পন্সরশিপ—এই দুই উপকরণ ব্যবহার করে বহুজাতিক সংস্থা তাদের অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, দুর্নীতিবাজদের কোনো শাস্তি হচ্ছে না, কিন্তু দুর্নীতির বোঝা চাপছে সাধারণ মানুষের ওপর। অর্থাৎ সৎ লোকেরা শাস্তি পাচ্ছেন আর দুর্নীতিবাজেরা পাচ্ছেন পুরস্কার। এটাই এখন বাস্তবতা। তিনি আরও বলেন, বর্তমানে ব্যবস্থা এমন যে যাঁরা ক্ষমতায় থাকবেন, তাঁরা হাজার দুর্নীতি করলেও শাস্তি হবে না। যেখানেই উদ্বৃত্ত আছে, সেখানেই ক্ষমতাবানেরা হাত বসান। সমস্যা সমাধানে তিনটি উপায়ের কথা উল্লেখ করেন এম এম আকাশ। এগুলো হচ্ছে—ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি।
সভার আলোচ্য বিষয় পরিবেশ এবং এ-সংক্রান্ত অনিয়ম-দুর্নীতি হলেও অন্যতম আলোচক টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পাশাপাশি সাম্প্রতিক রাজনীতিও তুলে ধরেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে অর্থমন্ত্রীর ১০০ কোটি টাকা চাঁদা তোলার ঘোষণাকে তিনি সংবিধানপরিপন্থী বলে আখ্যায়িত করেন। ইফতেখারুজ্জামান বলেন, এটা সংবিধানের ২০-এর ২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কাদের কাছ থেকে টাকা নেওয়া হবে এবং কীভাবে তা ব্যয় করা হবে, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান ক্ষমতাসীন দলের লোকেরা বলেছিলেন, অচিরেই একাদশ সংসদ নির্বাচন আয়োজন করা হবে। কিন্তু এখন তাঁরা বলছেন ভিন্ন কথা।... জাতীয় সংসদকে জবাবদিহিমূলক করতে হলে অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা উচিত। সভায় আরও বক্তব্য দেন প্রাক্তন ছাত্রনেতা আসলাম খান।