পরিবেশ বিপর্যয় নিয়ে আঞ্চলিক কর্মশালা
পরিবেশ বিপর্যয়ের কারণে উপকূলীয় অঞ্চলের ১৯ জেলার সাত কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ুর পরিবর্তন বন্ধ করা সম্ভব নয়। তবে পরিবেশের সঙ্গে থেকে কীভাবে এর মোকাবিলা করা যায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলের বিপন্নতা মোকাবিলার কৌশল শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। গতকাল সোমবার সকালে বরিশাল নগরের বিডিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজক পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা কামাল হায়দার।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে কর্মশালার প্রথম দিনে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নূরুল আলম, পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিচালক মির্জা শওকত আলী, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক সুকুমার বিশ্বাস, জলবায়ু পরিবর্তন সেলের উপপরিচালক মো. জিয়াউল হক প্রমুখ।