পরিবেশ মন্ত্রণালয়ের সবাই বিদেশ সফরে ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন মঞ্জু
আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, তাঁর মন্ত্রণালয়ের সবাই বিদেশ সফর নিয়ে ব্যস্ত থাকেন।
মন্ত্রী বলেন, ‘এটি এমন এক মন্ত্রণালয়, যেখানে সবাই সেমিনার ও বিদেশ সফর নিয়ে ব্যস্ত থাকেন। অবস্থা এমন যে, সংসদে আসার আগে আজও বিদেশ সফরের দুটি ফাইলে স্বাক্ষর করেছি। এ ধরনের বিদেশ সফর থেকে বিরত থাকতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরুত্সাহিত করছি।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের কাজী নাবিল আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী এসব কথা বলেন। বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মন্ত্রী-প্রতিমন্ত্রীর কাঠ সংগ্রহের তালিকা
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের এক লিখিত প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী জানান, গত পাঁচ বছরে ১৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিকে সেগুন কাঠ সরবরাহ করা হয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ৩৪৯ দশমিক ৯৯ ঘনফুট কাঠ নিয়েছেন। এ জন্য তিনি এক লাখ ২৮ হাজার ৮১৯ টাকা পরিশোধ করেছেন। সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম ৩৫০ ঘনফুটের জন্য তিন লাখ ৭৭ হাজার ৯০ টাকা, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ৩৪৯ দশমিক ৯১ ঘনফুট কাঠের জন্য এক লাখ ২১ হাজার ৪৭ টাকা, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ৩৫০ দশমিক ৫৯ ঘনফুটের জন্য দুই লাখ তিন হাজার ৩৯৮ টাকা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং ৩৫০ দশমিক ৮৮ ঘনফুটের জন্য দুই লাখ সাত হাজার ১৮১ টাকা পরিশোধ করেছেন।
এ ছাড়া বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকারের দায়িত্বে থাকার সময় ৩৫০ ঘনফুট কাঠের জন্য দুই লাখ ১৯ হাজার ৫৮৩ টাকা, বর্তমান চিফ হুইপ আ স ম ফিরোজ নবম সংসদের হুইপ হিসেবে ৩৫০ ঘনফুট কাঠের জন্য দুই লাখ ৪৭ হাজার ৭৯১ টাকা, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া ৩৫০ দশমিক ৮১ ঘনফুট কাঠের জন্য এক লাখ ৯৫ হাজার ৮৩২ টাকা, সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন ৩৫০ ঘনফুট কাঠের জন্য এক লাখ ৮৯ হাজার ৮৮ টাকা, সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই ৩৫০ ঘনফুট কাঠের জন্য এক লাখ ৬২ হাজার ৯৫৪ টাকা এবং বস্ত্র ও পাটমন্ত্রী নবম সংসদে হুইপ থাকাকালীন ৩৫০ ঘনফুটের জন্য পরিশোধ করেছেন দুই লাখ ১৬ হাজার ৬৩৪ টাকা।
প্রতিমন্ত্রীর সমমর্যাদার প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান মির্জা জলিলও ৩৫০ ঘনফুট কাঠের জন্য পরিশোধ করেছেন এক লাখ ৮৯ হাজার ৬৬২ টাকা।
এর বাইরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এবং শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ৩৫০ ঘনফুট কাঠের চাহিদা দিলেও এখনো সরবরাহ করা হয়নি।