পরিবেশ রক্ষা বিষয় সংবিধানে অন্তর্ভুক্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে পরিবেশ রক্ষা এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ ব্যাপারে বন ও পরিবেশ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা তিনটা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সভা চলে।সভা সূত্র জানায়, সভায় সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী সংবিধানে পরিবেশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, বিশ্বের ১১৭টি দেশের সংবিধানে পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি আছে। কিন্তু বাংলাদেশের সংবিধানে এমন কিছু নেই। সভায় জানানো হয়, তাই এটি সংযোজন করা জরুরি।সভা শেষে কমিটির সভাপতি বিএনপির সাংসদ আবদুল মোমিন তালুকদার সাংবাদিকদের বলেন, সংবিধানে পরিবেশ রক্ষার বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে বলা হয়েছে। কমিটি এ ব্যাপারে একটি সুপারিশ বন ও পরিবেশ মন্ত্রণালয়ে পাঠাবে। তিনি বলেন, বৈঠকে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদসহ সবাই সাবের হোসেন চৌধুরীর পরিবেশসংক্রান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। ফলে কমিটি ঐক্যবদ্ধভাবে বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।যোগাযোগ করা হলে এ বিষয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্রের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য এবং জলাশয় ও বনাঞ্চল রক্ষা করার সঙ্গে সঙ্গে প্রত্যেক নাগরিকের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আফগানিস্তানসহ বিশ্বের ১১৭টি দেশের সংবিধানে পরিবেশের বিষয়টি স্থান পেয়েছে। কিন্তু আমাদের সংবিধানে এখন পর্যন্ত এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয় যেন সংবিধানে অন্তর্ভুক্ত হয়, সে জন্য কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’