পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধ, বাঁকখালী নদী খনন, জলাবদ্ধতা ও পানীয় জলের সংকট নিরসনসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষায় বিভিন্ন দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
গতকাল বুধবার শহরের বাইপাস সড়কের পালস ট্রেনিং সেন্টারে আয়োজিত ‘কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশগত সমস্যা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই মন্তব্য করেন।
আবু আহামঞ্চদ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
কক্সবাজার নাগরিক কমিটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেলার চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আনোয়ার ইসলাম চৌধুরী বলেন, পর্যটনের এই শহরে যেভাবে পাহাড় কাটা হচ্ছে, তাতে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পৌরসভার অধিকাংশ নালা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সাংবাদিক আবদুল কুদ্দুস বলেন, এখন রাতের বেলায় পাহাড় কাটা হচ্ছে। পাহাড়ের মাটিতে বাঁকখালী নদী ভরাট হয়ে যাচ্ছে। আবার শহরের বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। এ কারণে নদীর গতিপথ সরু হয়ে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে।
মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী বলেন, ‘আগে আমরা পৌরসভার বাহারছড়া, বাজারঘাটা ও ভোলাবাবুর ছড়াতে মাছ ধরতাম। এখন সেই ছড়া বা খাল দখল করে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন। এখন এসব স্থাপনা উচ্ছেদ করা দরকার।’
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রিয়তোষ পাল পরিবেশ সাংবাদিক ফোরামের সম্পাদক ইকরাম চৌধুরী, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, কলাতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, ইউএনএইচসিআরের কর্মকর্তা ইফতিখার উদ্দিন, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা।
সভায় বৌদ্ধমন্দির সড়কসহ শহরের নালা পরিষ্কার ও জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোলদীঘির পাড়ে মানববন্ধন এবং বাঁকখালী নদী খননের দাবিতে জেলা প্রশাসকের বরাবরে সঞ্চারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।