পরিবেশ রক্ষায় চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রা
‘বদ্ধ পরিবেশে বেড়ে উঠছে আমাদের সন্তানেরা। তাদের জন্য প্রয়োজন সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ। এ জন্য আমাদের সবাইকে সচেতন ও দায়িত্ববান হতে হবে।’
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরে এক সাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ‘সুস্থ থাকুন, প্রতিদিন হাঁটার ও সাইকেল চালানোর অভ্যাস করুন’ এ স্লোগান সামনে রেখে এ শোভাযাত্রার আয়োজন করে চিটাগাং গ্রিন সিটি।
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশবাদী সংগঠক শরীফ চৌহান, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, চিটাগাং গ্রিন সিটির সভাপতি মো. জুনাব আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি মহসিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দূষণমুক্ত পরিবেশ ও যানজটমুক্ত নগর গড়তে নগরবাসীকে সাইকেল চালানো ও হাঁটার প্রতি জোর দিতে হবে।
পরে অতিথিরা বেলুন উড়িয়ে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরের বায়েজিদ থানার রুবি গেট এলাকায় পৌঁছে এসে শেষ হয়।