
সারা বিশ্বেই জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। পরিবেশকে রক্ষা করতে না পারলে বড় বড় অট্টালিকা, তথ্যপ্রযুক্তি কোনো কাজে আসবে না। পরিবেশ রক্ষায় সচেতনতা জরুরি। বাংলাদেশের পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে তরুণদের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।
বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গতকাল শুক্রবার জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়ানস প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও বেসরকারি ব্যাংক এইচএসবিসি অনুষ্ঠানের আয়োজক।
সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী জলবায়ু সম্পর্কিত কুইজ, বিতর্ক এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেল তিনটায় নগরের শাহবাগ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাংলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, সারা বিশ্বেই জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে তার মাত্রা বুঝতে পারলে মোকাবিলার রাস্তা তৈরি সম্ভব হবে। তাই জলবায়ু সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। দেশের জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব থেকে রক্ষা পেতে তিনি স্থায়ীভাবে গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন।
ডেইলি স্টার সম্পাদক, প্রকাশক মাহফুজ আনাম প্রতিযোগীদের পানির অপচয় রোধ, গাছ লাগানোর পরামর্শ দিয়ে মন থেকে পরিবেশকে মূল্য দেওয়ার তাগিদ দেন।
মাহফুজ আনাম বলেন, যে পরিবেশকে হূদয় দিয়ে ভালোবাসে সেই প্রকৃত মেধাবী। জলবায়ু বিষাক্ত হলে বড় বড় অট্টালিকা ও তথ্যপ্রযুক্তি কোনো কাজে আসবে না।
এইচএসবিসি ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডু তিল্ক বলেন, বাংলাদেশকে জলবায়ুর কুপ্রভাব থেকে রক্ষা করতে হলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হতে হবে। আর সেই সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে তরুণেরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (গ্রিন ব্যাংকিং ও সিএসআর) খন্দকার মোরশেদ মিল্লাত প্রমুখ।
বক্তব্য শেষে প্রতিযোগীদের মধ্যে ১৮ জন সেরা প্রতিযোগীকে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।