পরিবেশ রক্ষার ২৬ ইউনিয়ন ভূমি কর্মকর্তার শপথ
ভূমি প্রশাসনের কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনা ও ভূমি রাজস্ব আদায়ের পাশাপাশি এখন থেকে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের শপথ নিয়েছেন। একই সঙ্গে তাঁরা দুর্নীতি ও হয়রানিমুক্তভাবে ভূমি প্রশাসনে দায়িত্ব পালনেরও অঙ্গীকার করেন। ভূমি সংস্কার বোর্ডে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে গত শুক্রবার থেকে শুরু দুই দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী শপথ পর্ব সঞ্চালনা করেন। ‘আমরা এখন থেকে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করব, সৎ উপার্জন দিয়ে জীবন যাপন করব, কোনো অন্যায় প্রভাবের কাছে মাথা নত করব না’ বলে শপথ করেন। পাশাপাশি নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে ভূমি প্রশাসনের দায়িত্ব পালন এবং ভূমি রাজস্ব আদায় বৃদ্ধির অঙ্গীকার করে কর্মকর্তারা ‘ভূমি কার্যালয়ে আসা নাগরিকদের সঙ্গে সদ্ব্যবহার করব, অবাধে বৃক্ষনিধন, নির্বিচারে পাহাড়-টিলা কর্তন, নদী-খাল ও জলাভূমি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের পাশে দাঁড়াব’ বলে অঙ্গীকার করেন।গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রশিক্ষণে সিলেটসহ সাত বিভাগের ২৬ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা অংশ নেন। শপথ পরিচালনার আগে তাঁদের উদ্দেশে মোহামঞ্চদ মুনীর চৌধুরী বলেন, ‘ভূমি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও জনহয়রানির অভিযোগ রয়েছে।