সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে তরুণদের এগিয়ে আসতে হবে। সুন্দরভাবে বাঁচার জন্য পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তরুণদের মনোযোগী হতে হবে। মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের এই নেত্রী বলেন, যারা পরিবেশের ক্ষতি করছে তাদের সবাইকে এখনই হয়তো আইনের আওতায় আনা যাবে না। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। পরিবেশ রক্ষায় আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। জনসচেতনতা তৈরির ও অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনোভাবেই কথা বলা বন্ধ করা যাবে না।গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজারের একটি হোটেলে ‘সিলেট নগরের সার্বিক পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম। সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। মতবিনিময় সভা সঞ্চালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জহিরুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আবদুল আউয়াল, অধ্যাপক তুলসী কুমার দাস ও বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল। মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, পরিবেশকর্মী ফাদার জোসেফ গোমেজ, তোফাজ্জ্বল সোহেলসহ শিক্ষক, সাংবাদিক ও পরিবেশ আন্দোলনের কর্মীরা।