উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আর তাই এ দেশের পরিবেশ রক্ষায় পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
গত বৃহস্পতিবার কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জাতিসংঘ পরিবেশ সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান পরিবেশ ও বন উপমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। প্রায় ১৪৮টি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন এ সম্মেলনে।
বক্তৃতায় বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট দেশ ও এলাকার দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন বন উপমন্ত্রী। তিনি বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ণ এবং এ আইন প্রয়োগে কঠোর মনোভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, নতুন আইনের আওতায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট গড়ে তোলা হয়েছে, যাতে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায়।
এর আগের দিন বুধবার নাইরোবিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় বান কি মুনের কাছে তিনি পরিবেশ ও বন রক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। বিজ্ঞপ্তি।