পরিবেশ রক্ষায় একটি বৃহত্তর মঞ্চ গড়ে তুলতে হবে। যেখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন, এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্ত থাকবে। গতকাল শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সংলাপে বক্তারা এই প্রস্তাব দিয়েছেন। সংলাপে উপস্থিত বিশিষ্ট পরিবেশবিদেরা দ্রুত এ ধরনের একটি মঞ্চ তৈরির উদ্যোগ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ও বেসরকারি সংস্থা বারসিকের আয়োজনে সংলাপের বিষয় ছিল, জলবায়ু সংকট। সংলাপে সভাপতির বক্তব্যে অধ্যাপক মোজাফ্ফর আহমদ জাতিসংঘের মানবাধিকার সনদে জলবায়ু বিপন্ন জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, দেশে সাংসদসহ জনপ্রতিনিধিরা পরিবেশ রক্ষায় নীতিনির্ধারণে ভূমিকা রাখছেন। অন্যদিকে প্রকৌশলী, পরিবেশকর্মীসহ নানা পেশাজীবীও বিচ্ছিন্নভাবে যাঁর যাঁর অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছেন। সবার কাজের মধ্যে সমন্বয় আনতে একটি পরিবেশ রক্ষা মঞ্চ গঠনের প্রস্তাব রাখেন তিনি। পরিবেশ বিষয়ে এ পর্যন্ত যেসব গবেষণা হয়েছে, তা নির্দিষ্ট একটি ওয়েবসাইটে সংরক্ষণের পরামর্শ দেন সাবের হোসেন চৌধুরী। সংলাপে উপস্থিত বাপা সাধারণ সম্পাদক আবদুল মতিন সাবের হোসেন চৌধুরীর এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বলেন, দ্রুত এ ব্যাপারে আলোচনা করা হলে মঞ্চ তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান বলেন, পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে ও কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কাজ হচ্ছে। এগুলোর মধ্যে সমন্বয় আনা দরকার। স্থানীয় উদ্যোগে গুরুত্ব দেওয়া প্রয়োজন।সংলাপে দেশে ১৯টি কৃষি প্রতিবেশ অঞ্চল থেকে আসা কৃষকেরা তাঁদের সমস্যা ও তা মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন। স্থানীয় উদ্যোগগুলোকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা দেওয়ারও দাবি জানান তাঁরা।সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে আসা কৃষক সিরাজুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় আইলার পর তাঁরা ভেবেছিলেন, এই এলাকায় আর বসবাস ও চাষাবাদের উপায় নেই। কারণ, জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে সব জমি লবণ-পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকেরা ১৪টি লবণসহিষ্ণু ধানের জাত চিহ্নিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এখানকার এই জাতগুলো নিয়ে যাওয়া হয়েছে। আশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদুল্লাহ খান বলেন, দেশের দক্ষিণাঞ্চলে ফারাক্কা বাঁধের কারণে লবণাক্ততা বেড়েছে। কিন্তু সম্প্রতি বলা শুরু হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বেড়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে পরিবেশগত বিপর্যয়গুলো ঘটেছে, তার বেশির ভাগের জন্য অপরিকল্পিত উন্নয়ন দায়ী। সংলাপটি সঞ্চালনা করেন বাপা সাধারণ সম্পাদক আবদুল মতিন, বারসিকের নির্বাহী পরিচালক সুকান্ত সেনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও বক্তব্য দেন।