পরিবেশ রক্ষায় লবণ পানির চিংড়ি চাষ বন্ধের দাবি
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলার খাদ্যনিরাপত্তা ও পরিবেশ রক্ষায় লবণ পানির বাণিজ্যিক চিংড়ি চাষ বন্ধের দাবি জানিয়েছেন ভূমিহীন ব্যক্তিরা। গতকাল বুধবার খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলায় করুণাময়ী স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে তাঁরা এ দাবি জানান।লবণ পানির চিংড়ি চাষবিরোধী আন্দোলনের প্রয়াত নেত্রী করুণাময়ী সরদারের ২২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় ভূমিহীন সংগঠন এই সমাবেশের আয়োজন করে।সংগঠনের নেতা নূর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহিউদ্দিন, রেজানুর রহমান, ডেভিড ব্রুয়ার, শ্যামল সিংহ রায়, সমরেশ হালদার, এস এ রশিদ, রাহেলা বেগম, সবিতা রানী ঢালী প্রমুখ।এর আগে পাইকগাছা, ডুমুরিয়া, বটিয়াঘাটাসহ উপকূলীয় বিভিন্ন উপজেলার ভূমিহীন সংগঠনের নেতারা চিংড়ি চাষবিরোধী মিছিল শেষে করুণাময়ী স্মৃতিমঞ্চে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।প্রসঙ্গত, লবণ পানির চিংড়ি চাষবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ১৯৯০ সালে করুণাময়ী সরদার চিংড়িঘেরের প্রভাবশালী মালিকদের বোমা ও গুলিতে নিহত হন।