পরিবেশ রক্ষায় সরকারি বরাদ্দ কমছে: পরিবেশমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিনিয়ত বন্য প্রাণী হত্যা ও পাচার হচ্ছে। প্রভাবশালীরা বন ধ্বংস করে বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস করে দিচ্ছে। আর সরকারের পরিবেশ রক্ষায় বরাদ্দ কমছে। তাই আমাদের প্রকৃতির এই সম্পদ বন্য প্রাণীদের রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে।

আজ শনিবার রাজধানীর বন ভবনে আয়োজিত বিশ্ব বন্য প্রাণী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তারা বনভূমি রক্ষায় সরকারের অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আরও সোচ্চার ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, শুধু বন্য প্রাণী নয়, দেশ পরিচালনায়ও তরুণদের কণ্ঠ আমলে নিতে হবে। তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকেরা বনের জমি ইজারা দিয়ে দিচ্ছেন। গাজীপুরের সব জমি প্রভাবশালীরা নিয়ে নিচ্ছে। বনের মধ্যে শিল্পকারখানা বানাচ্ছে। ফলে বন ও বন্য প্রাণী রক্ষা কঠিন হয়ে পড়ছে। আমাদের বন্য প্রাণী রক্ষায় যারা এত দিন অর্থ ও পরামর্শ দিত, তাদের নিজেদের দেশেই এমন সব ব্যক্তি ক্ষমতায় আসছেন, যাঁরা তাঁদের নিজেদের দেশেই পরিবেশ রক্ষায় আগ্রহী নন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক তহবিলে যে অর্থ দেওয়ার কথা ছিল, তা এখন তারা দিতে চাইছে না।’
পরিবেশমন্ত্রী বলেন, শুধু বিদেশিরা নয়, দেশের মধ্যেও পরিবেশ রক্ষায় বরাদ্দ কমছে। একসময় দেশের বাজেট ছিল ৪০ হাজার কোটি টাকা। এখন তা তিন-চার লাখ কোটি টাকা হয়েছে। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট কমেছে। জলবায়ু খাতে বাজেট প্রথমে ছিল ৭০০ কোটি টাকা, পরে কমে ৪০০ কোটি টাকা হয়ে এখন ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এ দেশীয় পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, দেশে বন্য প্রাণী পাচার বাড়ছে। হত্যাও হচ্ছে। কিন্তু তা বন্ধের জন্য বন বিভাগের সক্ষমতা বাড়ানো হচ্ছে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ ও বনসচিব ইসতিয়াক আহমেদ, মোহাম্মদ সফিউল আলম চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুসহ বন্য প্রাণী বিশেষজ্ঞরা।