পরিবেশ রক্ষায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন মোজাফফর আহমেদের
পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। গতকাল শুক্রবার এই অবস্থান ব্যক্ত করে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।মোজাফফর আহমেদ বলেন, সরকার একদিকে পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে; অন্যদিকে কিছু সুবিধাভোগী ব্যক্তি দেশের নদী-খাল-জলাশয় দখল ও দূষণ, বনভূমি ধ্বংসসহ পরিবেশবিধ্বংসী বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। আবার নদীতে সীমানা-পিলার স্থাপনের নামে নদীর মাঝখানে খুঁটি স্থাপন করা হচ্ছে। বাপার সভাপতি বলেন, পরিবেশ রক্ষার কার্যক্রম শুধু বাজেট বরাদ্দের মধ্যে সীমিত রাখলে চলবে না। পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বাপার সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, উন্নয়ন হতে হবে পরিবেশবান্ধব। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা যাবে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। বিজ্ঞপ্তি।