পরিবেশ রক্ষায় ৩৫ ম্যাজিস্ট্রেটের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে গত ২৭ নভেম্বর দেশের ৩৫ জন ম্যাজিস্ট্রেট আনুষ্ঠানিকভাবে পরিবেশ রক্ষায় সৎ ও সাহসী ভূমিকা পালনের জন্য শপথ গ্রহণ করেন। ‘পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা’ শীর্ষক সাত দিনের এক প্রশিক্ষণ কর্মসূচিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী তাঁদের এ শপথ পাঠ করান। সরকারি কর্মকর্তাদের এ দলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছেন ১৬ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ এবং এসি (ল্যান্ড) একজন। পরিচালক মুনীর চৌধুরী তাঁর নির্দেশনামূলক বক্তব্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালতকে পরিবেশদূষণ রোধে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে রুটিন ওয়ার্ক হিসেবে না দেখে ‘অপরাধ নির্মূল’, ‘জনসচেতনতা সৃষ্টি’ এবং ‘সমাজ পরিবর্তন’-এর আইনি অস্ত্র হিসেবে ব্যবহারেরও পরামর্শ দেন তিনি। পরিবেশ অধিদপ্তরের সাদা ক্যাপকে নির্মল পরিবেশের প্রতীক হিসেবে বর্ণনা করে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে কঠোর নিরপেক্ষতা, সততা ও সুবিচার নিশ্চিত করারও আহ্বান জানান পরিচালক। পরে তিনি শপথ পাঠ করান। বিজ্ঞপ্তি।