>

বিদায়ী বছরের ঘটনাবলি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
প্রথম আলো: বিদায়ী বছরে দেশের সামগ্রিক অবস্থা কেমন ছিল?
সিরাজুল ইসলাম চৌধুরী: দৃশ্যত শান্ত পরিবেশ ছিল। কিন্তু গুমোট অবস্থা বিরাজ করেছে। মানুষের মধ্যে অসন্তোষ ছিল। মতপ্রকাশের সুযোগ সংকুচিত হয়েছে। টেলিভিশনে টক শো এবং পত্রিকায় উপসম্পাদকীয় পড়লে তা বোঝা যায়।
প্রথম আলো: বছরটি কেমন গেল?
সিরাজুল ইসলাম চৌধুরী: একটি গতানুগতিক বছর, যেখানে নতুন কিছু দেখা যায়নি। বরং অনেক কিছুই খারাপ হয়েছে। বড় কিছু প্রকল্প নিয়েছে সরকার, যেগুলোর মধ্যে পদ্মা সেতুর কাজকর্ম দৃশ্যমান। কিন্তু দেশে একটি অকার্যকর সংসদ রয়েছে। সুশাসন ও জবাবদিহির অভাব প্রায় সর্বত্র।
প্রথম আলো: কিন্তু সংসদ অধিবেশন হচ্ছে, একটি বিরোধী দলও তো আছে।
সিরাজুল ইসলাম চৌধুরী: তা আছে বটে। কিন্তু সংসদের তেমন কার্যকারিতা নেই, কথিত বিরোধী দলেরও গ্রহণযোগ্যতা নেই। আর ওটা সরকারি দল না বিরোধী দল, তা পার্থক্য করাটাও কঠিন। এভাবে সংসদীয় গণতন্ত্র চলে না।
প্রথম আলো: কেমন সংসদ চান তাহলে?
সিরাজুল ইসলাম চৌধুরী: সংসদীয় গণতন্ত্রে প্রকাশ্য রাজনীতি থাকবে, গণতান্ত্রিক পরিবেশ থাকবে। রাজনীতি থাকবে রাজপথে ও সংসদে। এসবের কিছুই এখন নেই। প্রধান বিরোধী দল স্থানীয় সরকারের বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেয়নি। সভা-সমাবেশ করার অনুমতি পাচ্ছে না। গণতন্ত্রের জন্য এগুলো খুবই জরুরি। বিরোধী দল যদি সংসদে, রাজপথে ও নির্বাচনে না থাকে, তাহলে গণতন্ত্র থাকে না। নারায়ণগঞ্জে বিরোধী দল অংশ নিয়েছে, যদিও ভোট পড়ার হার বেশ কম। আবার জেলা পরিষদ একদলীয় হয়ে গেল। সেখানে টাকার খেলা হয়েছে।
প্রথম আলো: গত বছরের রাজনীতির বড় বৈশিষ্ট্য কী ছিল? জঙ্গিবাদকে কীভাবে দেখেন?
সিরাজুল ইসলাম চৌধুরী: জঙ্গিবাদ আগেও ছিল, তবে বিদায় বছরে এটি জেঁকে বসে। রাজনীতিতেও নতুন উপসর্গ ছিল জঙ্গিবাদ। জঙ্গি তৎপরতা বাড়ার অন্যতম কারণ বাইরের অনুপ্রেরণা ও অর্থের সঙ্গে স্থানীয় লোকজনের যুক্ত হওয়া। এই স্থানীয় লোকজনের মধ্যে ইংরেজি মাধ্যমে পড়া ও বিত্তবান পরিবারের সন্তান আছে।
প্রথম আলো: সরকার বলছে দেশে আইএস নেই, আর আইএস এ দেশে তার উপস্থিতি প্রমাণের চেষ্টা করছে। আপনার কী মনে হয়?
সিরাজুল ইসলাম চৌধুরী: বিশ্বজুড়ে আইএসের শাখা-প্রশাখা আছে। এটা স্থানীয় কোনো ঘটনা নয়। মধ্যপ্রাচ্য থেকে আইএস ছড়িয়ে যাচ্ছে। এটা আফ্রিকা পর্যন্ত ছড়িয়েছে। এখানেও আসবে। তাই আইএস আছে কি নেই—তার চেয়ে বড় বিষয় হিসেবে এটা ঠেকানো ও প্রতিরোধের চেষ্টা করা।
প্রথম আলো: এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কেন? মেধাবীরা কেন ওই পথে যাচ্ছে?
সিরাজুল ইসলাম চৌধুরী: প্রকাশ্য রাজনীতি না থাকলে অদৃশ্য ঘটনার সুযোগ থাকে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নেই। সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড নেই, ছাত্ররাজনীতিও সেই অর্থে নেই। ফলে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ থাকছে না। তরুণেরা মতপ্রকাশ, অনুশীলন ও চর্চার সুযোগ পাচ্ছে না। তাদের সামনে চ্যালেঞ্জ নেই। বীরত্ব প্রকাশের জন্য তারা অন্ধকার পথে হাঁটছে। তরুণদের মধ্যে বেকারত্ব, বিচ্ছিন্নতা, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা বাড়ছে, যা জাতির জন্য বড় হুমকি।
প্রথম আলো: তেল-গ্যাস রক্ষা কমিটির আন্দোলনটা কীভাবে দেখেন?
সিরাজুল ইসলাম চৌধুরী: এটা শুধু পরিবেশবাদীদের আন্দোলন বলা যাবে না। এটা আসলে রাজনৈতিক আন্দোলন। বামপন্থীরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তবে তাদের আরও অনেক কিছু করার ছিল, যা তারা করতে পারেনি।
প্রথম আলো: আগামী বছর কেমন যাবে বলে মনে করেন?
সিরাজুল ইসলাম চৌধুরী: বেশি দেরিতে হলেও একটি সংলাপ শুরু হয়েছে। এটি কোনদিকে যাবে এখন পর্যন্ত বলা যায় না। তবে ভালো কিছু আশা করি। আজ হোক আর কাল হোক, রাজনীতিতে ভালো কিছু হতেই হবে। রাজনীতি ভালো হলে দেশটাও ভালো হবে।