যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা পরিবেশ সংরক্ষণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এবারের আন্তর্জাতিক যুব দিবসের স্লোগান ছিল ‘সংলাপ ও পারস্পরিক সমঝোতা’। সেমিনারে বক্তারা তাই সংলাপ ও পারস্পরিক সমঝোতার ওপর জোর দেন। তাঁরা বলেন, নবীন ও প্রবীণদের মধ্যে যেমন চিন্তাভাবনা, ধ্যান-ধারণায় পার্থক্য রয়েছে, তেমনি এক দেশের যুবসমাজের সঙ্গে অন্য দেশের যুবসমাজেরও রয়েছে বিস্তর দূরত্ব। এই দূরত্ব কমিয়ে আনতে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর কোনো বিকল্প নেই। দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তন ও অন্যান্য সামাজিক সমস্যা মোকাবিলায় সারা বিশ্বের যুবসমাজ একসঙ্গে কাজ করতে পারে। বক্তারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র ও ভৌগোলিক অবস্থানভেদে একই বয়সের একজন যুবকের সঙ্গে আরেক যুবকের অমিল থাকতে পারে। কিন্তু সংলাপের মাধ্যমে সারা বিশ্বের যুবসমাজের মধ্যে একটি সেতুবন্ধ রচনা করা সম্ভব। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরিন।