পরিবেশ সচেতনতা বাড়াতে নটর ডেম কলেজে হবে আন্তর্জাতিক সম্মেলন
তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন’র আয়োজন করতে যাচ্ছে রাজধানীর নটর ডেম কলেজ।
‘কার্বন নিঃসরণ কমাও, পরিবেশ রক্ষা করো’—এ স্লোগান সামনে রেখে ২৩ ও ২৪ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সম্মেলন। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্বের ১৬টি দেশ অংশগ্রহণ করবে।
গতকাল সোমবার দুপুরে নটর ডেম কলেজের সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের মাঝে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে এ সম্মেলন করা হবে। এতে দেশ-বিদেশের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবে।
অধ্যক্ষ আরও বলেন, সম্মেলনে দেশের পরিবেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করবে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদেশি শিক্ষার্থীরাও নিজ নিজ দেশের পরিবেশের তথ্যচিত্র তুলে ধরবে। এতে সংশ্লিষ্ট দেশের পরিবেশের অবস্থা উঠে আসবে। পরে পরিবেশ নিয়ে কীভাবে আরও ভালো করা যায়, এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করা হবে, যা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কাজে লাগাবে।