পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেলে চড়ে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছেন ইয়ানুর রহমান নামের একজন যুবক। তাঁর এ ভ্রমণের প্রতিপাদ্য: ‘পরিবেশ রক্ষায় বাইসাইকেল’। গতকাল বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে তিনি এ যাত্রা শুরু করেন।গতকাল দুপুরে যাত্রা শুরুর প্রাক্কালে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন ‘নির্ভীক’-এর প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।ইয়ানুর রহমান জানান, বাইসাইকেল পরিবেশবান্ধব একটি যান। এটি কার্বন ছড়ায় না। তাই বাইসাইকেল ব্যবহারে মানুষকে উৎসাহিত করতেই তাঁর এ উদ্যোগ। তিনি বলেন, উন্নত বিশ্বের অনেক দেশেই মানুষ বাইসাইকেলে চলাচল করে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের শরীরও ভালো থাকে। যশোরের বেনাপোল এলাকার ৫ নম্বর বিঘা গ্রামের বাসিন্দা ইয়ানুর। তিনি জানান, বর্তমান উদ্যোগের আগে তিনি ২৪ ঘণ্টারও কম সময়ে নেপাল থেকে বাইসাইকেলে নারায়ণগঞ্জে পৌঁছে জনগণের কাছ থেকে অভিনন্দন পান। সেটা গত বছরের ২৯ সেপ্টেম্বরের কথা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সচেতনতা সৃষ্টিমূলক এ প্রচারণায় নেমেছেন।