পরিবেশক ও হকারদের ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ চলাকালে নোয়াখালীর বিভিন্ন স্থানে সংবাদপত্রবাহী গাড়িতে হামলা ও সংবাদপত্র পরিবহনে বাধা দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার ধর্মঘট কর্মসূচি পালন করেন জেলার সংবাদপত্র পরিবেশক ও হকাররা। এর ফলে গতকাল জেলার পাঠকেরা প্রথম আলোসহ রাজধানী থেকে আসা কোনো পত্রিকা পড়তে পারেননি।
এদিকে লক্ষ্মীপুরের সংবাদপত্র বহনকারী গাড়ি গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে এসে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। এতে ওই জেলার পাঠকেরাও কোনো সংবাদপত্র হাতে পাননি। একই দিন চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী প্রথম আলো বহনকারী একটি গাড়ি ফেনীর দাগনভূঞায় বাধার সম্মুখীন হওয়ার পর গাড়িটি সেখান থেকে ফেরত যায়।
সংবাদপত্র পরিবেশক ও হকাররা অভিযোগ করেন, হরতাল-অবরোধে সংবাদপত্রবাহী গাড়ি যাতায়াতে কোনো বাধা না থাকলেও একশ্রেণীর ‘উচ্ছৃঙ্খল যুবক’ কিছুদিন ধরে নোয়াখালী অঞ্চলে সংবাদপত্রের গাড়িতে হামলা করছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া অবরোধে জেলার বিভিন্ন স্থানে সাইকেলযোগে সংবাদপত্র পরিবহনেও হকারদের বাধা দেওয়া হয়েছে। এ সময় হকারদের মারধর করা হয়। এ অবস্থায় জেলার সংবাদপত্র পরিবেশক ও হকাররা আর্থিক ক্ষতির শিকার হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরিবেশকদের অভিযোগ, সংশ্লিষ্ট দলের নেতারা বারবার মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের নির্দেশনা দেওয়ার পরও হামলা থামছে না।