পরিবেশকে গুরুত্ব দেওয়া সরকারই প্রকৃত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, যে সরকার পরিবেশকে গুরুত্ব দেয়, সে সরকারই প্রকৃত সরকার। দেশের নীতিনির্ধারকেরা পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে গুরুত্ব দিতে চান না। যখন চারদিক থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয়, শুধু তখনই পরিবেশের বিষয়টি তারা বিবেচনা করে। গতকাল রোববার হবিগঞ্জের পৌর ভবনে ‘জলাবদ্ধতায় আক্রান্ত হবিগঞ্জ, বিপন্ন জজ আদালতের দিঘি ও পুরাতন খোয়াই নদী রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে সুলতানা কামাল বলেন, ‘হবিগঞ্জকে একসময় পুকুর-জলাশয়ের শহর বলা হতো। এখন তা জলাবদ্ধতার শহরে রূপ নিচ্ছে। যারা দেশ চালান সেই নীতিনির্ধারক বা আইনপ্রণেতারাই আইন ভঙ্গ করে পুকুর ভরাট করছেন।’ অনুষ্ঠানের আগে বাপার কেন্দ্রীয় সহসভাপতি সুলতানা কামাল হবিগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণের আলোচিত দিঘিটি দেখতে যান। প্রায় চার একর জায়গার এ দিঘি ভরাট করে জেলা বিচারিক আদালত ভবন নির্মাণের জন্য সম্প্রতি গণপূর্ত বিভাগ দরপত্র আহ্বান করে। সাগরদিঘি দখলমুক্ত করার আহ্বান: বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, গতকাল দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহাসিক সাগরদিঘির (কমলাবতী দিঘি) পরিদর্শন করেন সুলতানা কামাল। দিঘির পাড় দখল করে দোকান নির্মাণ করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি সাগরদিঘিকে যথাযথভাবে সংরক্ষণ ও দখলমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।