পরিবেশকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার আহ্বান
সংবিধানে মৌলিক অধিকার হিসেবে পরিবেশের বিষয়টি বিস্তারিত ও সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদেরা। গত রোববার জাতীয় প্রেসক্লাবে ‘পরিবেশ সংরক্ষণ, পানি ও স্যানিটেশন এবং জ্বালানি সুরক্ষা: চাই সাংবিধানিক অধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) এবং নলেজ ফ্রন্টিয়ার্স ফর ডেভেলপমেন্ট (কেএফডি) যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও জলবায়ু-বিশেষজ্ঞ কেএফডির পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণের বিষয়ে আমাদের এখানে আইন প্রণীত হলেও সাংবিধানিকভাবে পরিবেশের বিষয়টি নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে এখনো সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত হয়নি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো পাঁচটি মৌলিক অধিকারের সঙ্গে এখন পরিবেশের বিষয়টিও অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। বিশ্বের ১১৭টি দেশে এটি সাংবিধানিকভাবে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে।’বিশেষ অতিথির বক্তব্যে সাবেক পরিবেশ-সচিব সৈয়দ মার্গুব মোরশেদ ‘পরিবেশ ন্যায়পাল’ নিয়োগ করার পরামর্শ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ইকবাল কবির বলেন, বিষয়টি সুনির্দিষ্ট করে সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত। সভার সঞ্চালনা করেন এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী।