নওগাঁর তিলকপুর আলুর স্টার্চ (পাউডার) উৎপাদনকারী ফ্লামিংগো নামের একটি কারখানার বর্জ্য পাশে খালের পানিতে মিশে দূষণের সৃষ্টি করছে।
স্থানীয়রা বলেন, প্রায় আট বছর আগে ফ্লামিংগো নামের প্রতিষ্ঠানটি নওগাঁর তিলকপুরে কারখানা স্থাপন করে। ২০১১ সালে কারখানা চালুর পর আলুর বর্জ্য ও বিষাক্ত পানিতে গরু-ছাগল, হাঁস-মুরগি মরতে থাকলে গ্রামবাসী কারখানা ঘেরাও করে প্রতিবাদ জানান। পরে কর্তৃপক্ষ ওই অবস্থায় কারখানা বন্ধ করে দিয়ে ভবিষ্যতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির পর কারখানা চালু করবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি না করে চলতি বছরের জানুয়ারিতে আবার কারখানা চালু করা হয়।
গত মঙ্গলবার কারখানা এলাকায় গিয়ে দেখা যায়, তিলকপুর থেকে বগুড়ার আদমদীঘির রক্তদহ বিল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় আলুর বর্জ্য ও বিষাক্ত পানি মিশে যাচ্ছে। পচা পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। এ কারণে আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দুর্গাপুর, অন্তাহার, হারদাম, বাগবাড়ী, ঘোড়াদহ; সান্তাহার পৌরসভার খয়রাবাদ, বশিপুর, পৌওতা; নওগাঁর তিলকপুর ইউনিয়নের নগরকুসম্বী, মির্জাপুর ও নূরনগর এলাকার কয়েক হাজার মানুষ ভয়াবহ পরিবেশদূষণের শিকার হচ্ছেন।
অন্তাহার গ্রামের মুক্তার আলী জানান, গত এক সপ্তাহে খালের পানি ব্যবহার করে গ্রামের মেহের আলীর ৮-১০টি হাঁস-মুরগি, কুরুন আলীসহ বেশ কয়েকজনের বেগুন, মরিচ ও আলুর চারাগাছ মরে গেছে।
একই গ্রামের শিক্ষক লুৎফর রহমান বলেন, সাধারণত খরা মৌসুমে নলকূপে পানি না ওঠায় গ্রামের লোকজন খালের পানি দিয়ে গোসল ও দৈনন্দিন কাজ করেন। কিন্তু খালের পানি বিষাক্ত হওয়ায় লোকজন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।
কারখানার প্রকল্প প্রকৌশলী মোন্তাকিন রহমান বলেন, খালে কোনো প্রকার বর্জ্য ফেলা হচ্ছে না। তবে আলু পরিষ্কার করার পানি খালে যাচ্ছে। অচিরেই খালের আশপাশের এলাকায় গিয়ে বিষয়টি দেখা হবে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আলি রেজা মজিদ জানান, কারখানা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, এ বিষয়ে কেউ তাঁর দপ্তরে অভিযোগ দেননি। তবে অচিরেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।