পরিবেশদূষণ, শ্যামপুরের আট কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার শ্যামপুর বিসিক শিল্প এলাকায় অবস্থিত আটটি ডাইং ও ওয়াশিং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়াই ওই কারখানাগুলো উৎপাদন চালু রাখায় আজ বুধবার পরিবেশ অধিদপ্তর এক অভিযানে ওই পদক্ষেপ নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কারখানাগুলো থেকে এর আগে বেশ কয়েকবার ক্ষতিপূরণ আদায় করা হয় এবং ইটিপি নির্মাণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ইটিপি নির্মাণের পদক্ষেপ না নেওয়ায় কারখানাগুলোর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাগুলো হচ্ছে চাঁদনী টেক্সটাইল মিলস, ইমাম ডাইং নিটিং অ্যান্ড ফিনিশিং মিলস লি.; খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি লিমিটেড, সিভিক্স অ্যাপারেলস লি., টেক্সটাইল প্রসেসিং লি., হাসান স্টিল ইন্ডাস্ট্রি লি., সীবা ডাইং, ইভানা ডাইং ও হাসান স্টিল ইন্ডাস্ট্রি লি.। এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অবস্থিত চারটি সিসা কারখানা (মোল্ডিং) ও দুটি পাইরোলাইসিস কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয় ও মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. আলমগীরের তত্ত্বাবধানে শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় অবৈধ শিল্প-কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ওই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তাঁকে সার্বিক সহযোগিতা দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল হাইসহ কার্যালয়ের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন মোসাদ্দেক মেহদী ইমাম। এ ছাড়া র্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।