যেসব শিল্পকারখানার নির্গত বর্জ্য পরিবেশদূষণ করছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক মাসের মধ্যে পরিবেশদূষণের জন্য দায়ী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হবে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে এ কথা বলেছেন। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার সংস্থা এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভার সামাজিক বনায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। মন্ত্রী আরও বলেন, সরকার যখন যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে চাইছে, তখন স্বাধীনতাবিরোধী চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আবদুল মতিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সামাজিক বনায়ন ও মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন ইব্রাহিম, বৈশাখী মিডিয়া লিমিটেডের ডিএমডি মোশারফ হোসেন চৌধুরী ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।