পরিবেশদূষণে বছরে ১৭ লাখ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী যত শিশু মারা যায়, তার এক-চতুর্থাংশের মৃত্যুর কারণ অস্বাস্থ্যকর বা দূষিত পরিবেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
২০১২ সালের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, পরিবেশদূষণের কারণে বাংলাদেশে প্রতি লাখে ১৭৯টি শিশুর মৃত্যু হয়। অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশের কারণে ডায়রিয়া, ম্যালেরিয়া ও নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এসব কারণে বছরে বিশ্বে ১৭ লাখ শিশু প্রাণ হারাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান এক বিবৃতিতে বলেন, দূষিত পরিবেশ শিশুর জন্য মারাত্মক। শিশুদের বিকাশমান অঙ্গপ্রত্যঙ্গ ও রোগপ্রতিরোধ-ব্যবস্থা এবং শ্বাসতন্ত্র দূষিত পরিবেশে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।
ডব্লিউএইচও জানায়, দূষিত পরিবেশের সংস্পর্শে মাতৃগর্ভে থাকাকালেই শিশুরা ক্ষতির শিকার হতে পারে। নবজাতক ও অল্পবয়সী শিশুরা ঘরের ভেতরে-বাইরে পরোক্ষ ধূমপানের সংস্পর্শে এলে আক্রান্ত হয়। এতে তাদের শৈশবকালীন নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে, অ্যাজমার মতো শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি অসুখে আজীবন কষ্ট পাওয়ার ঝুঁকিও বাড়ে।
প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে হৃদ্রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ ও ক্যানসারের মতো রোগের ঝুঁকি জীবনভর থাকে। যেসব বাড়িতে নিরাপদ পানি ও পয়োব্যবস্থা নেই অথবা রান্নাবান্নার কাজে কয়লা বা গোবরের মতো জ্বালানির ব্যবহার হয়, সেখানকার শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকিতে থাকে। আর শিশুরা খাবার, পানি ও বাতাসের মাধ্যমে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসতে পারে।
ডব্লিউএইচওর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মারিয়া নেইরা শিশুদের জন্য সব জায়গাকে নিরাপদ করতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পানির মানোন্নয়ন বা বিশুদ্ধ জ্বালানির ব্যবহার প্রভৃতি উদ্যোগ বাস্তবায়নে বিনিয়োগের মাধ্যমে পরিবেশগত স্বাস্থ্যঝুঁকিগুলো দূর করলে স্বাস্থ্য খাতে ব্যাপক সুফল মিলবে।