পরিবেশদূষণের অভিযোগে স্টিল কাটিং কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পরিবেশদূষণের অভিযোগে একটি স্টিল কাটিং কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মেসার্স লি সাই স্টিল নামের কারখানাটি পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সাত বছর ধরে অবৈধভাবে চালাচ্ছিল।গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহামঞ্চদ মুনীর চৌধুরী কারখানার মালিক মো. শামছুল হককে পরিবেশ আইনে দণ্ডিত করে ১০ লাখ টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর জানায়, সোনারগাঁ উপজেলায় সম্প্রতি অভিযানে অবৈধ স্টিলকাটিং কারখানার সন্ধান পায় পরিবেশ অধিদপ্তর।মেসার্স লি সাই স্টিল নামক কারখানাটি পরিবেশ অধিদপ্তরকে অমান্য করে ২০০৬ সাল থেকে পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছিল। প্রায় পাঁচ কোটি টাকা বিনিয়োগসম্পন্ন এ প্রতিষ্ঠানে ভারী ধাতব পদার্থ/স্টিলজাতীয় সামগ্রী রোল থেকে করোগেটেড প্রক্রিয়ায় বেন্ডিং করা হয়। এতে ধাতব চূর্ণ আশপাশে ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড কম্পন ও শব্দদূষণ ঘটে। এ-জাতীয় ধাতব চূর্ণ কর্মরত শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। কারখানার মালিক এসবের তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশিমতো কারখানা গড়ে তোলেন। কারখানার মালিককে অবিলম্বে পরিবেশ ব্যবস্থাপনা চালু করে পরিবেশ ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে পরিচালক মোহামঞ্চদ মুনীর চৌধুরী বলেন, ‘কতিপয় অর্থলোভী উদ্যোক্তার পরিবেশ আইনের প্রতি অবহেলা এবং অপরিণামদর্শিতায় পরিবেশ ধ্বংস হচ্ছে এবং মানুষের জীবনকে বিপন্ন করছে। প্রায় সাত বছর ধরে একজন শিক্ষিত উদ্যোক্তার এরূপ আচরণ কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে ১০ বছর কারাদণ্ডের বিধানও রয়েছে।’