পরিবেশদূষণের জরিমানা লোক দেখানো?
পরিবেশ অধিদপ্তর ঢাকঢোল পিটিয়ে পরিবেশদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোটা অঙ্কের অর্থ জরিমানা করে। সেই সংবাদ প্রকাশিত হয়। অথচ পর্দার আড়ালের চিত্র অন্য রকম।
দেখা যাচ্ছে, গত তিন বছরে দূষণের দায়ে করা জরিমানার প্রায় ৪০ কোটি টাকা আদায়ই করতে পারেনি পরিবেশ অধিদপ্তর। আবার যে অর্থ আদায় হয়েছে, তার প্রায় ১১ কোটি টাকা মওকুফ করে দিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আপিল আদালত। সেই অর্থ আবার বিশেষ থোক বরাদ্দ দিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ফেরতও দেওয়া হয়েছে।
এমনকি পরিবেশ মন্ত্রণালয় আটটি শিল্পপ্রতিষ্ঠানকে ইটিপি স্থাপনের সময়সীমাও বাড়িয়ে দিয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে দূষণকারী প্রতিষ্ঠানকে বর্জ্য পরিশোধন করার যন্ত্র (ইটিপি) স্থাপনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। মন্ত্রণালয় থেকে ওই শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ইটিপি স্থাপনের জন্য সময় বাড়ানো হয়।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, দূষণকারী ওই শিল্পপ্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ মাফ পেলেও দূষণ বন্ধ করেনি। এদের বেশির ভাগই এখনো ইটিপি ছাড়াই চলছে। আর তাদের কারখানার দূষিত বর্জ্য পরিবেশের সঙ্গে মিশছে।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, দূষণকারীদের জরিমানা মাফ করার এ ঘটনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার বরখেলাপ। কোনো সংস্থাকে আইন প্রয়োগের ক্ষমতা দিয়ে তার ওপর হস্তক্ষেপ করলে ওই ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাবে এবং তা দুর্নীতিরও সুযোগ সৃষ্টি করে দেবে।
২০১২ সালের ২২ ডিসেম্বর বেসরকারি ভূমি উন্নয়ন প্রতিষ্ঠান আশিয়ান সিটির ছাড়পত্র বাতিল এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের যে ৪৫ লাখ টাকা জরিমানা মাফ করা হয়েছিল, তা বাতিলের জন্য একটি রিট আবেদন করে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত বছরের ৯ জানুয়ারি আশিয়ান সিটির সব কার্যক্রম বন্ধ এবং জরিমানা মওকুফের সিদ্ধান্ত বাতিলের আদেশ দেন। এরপর গত ১৬ জানুয়ারি বিচারপতি সৈয়দ এ বি এম মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা এবং জরিমানা মাফ বাতিল করে রায় দেন।
উচ্চ আদালতে এ ধরনের আদেশ দেওয়ার ঘটনার পরেও পরিবেশ ও বন মন্ত্রণালয় দূষণকারীদের জরিমানা মাফ করার কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে। যদিও এ ব্যাপারে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অপরূপ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত যে কয়টি প্রতিষ্ঠানের জরিমানা মাফ করা হয়েছে, তা আইন অনুসরণ করেই হয়েছে।
সৌভাগ্যবান দূষণকারীরা: গত তিন বছরে পরিবেশ অধিদপ্তর এক হাজার ৩৭১টি শিল্পপ্রতিষ্ঠানকে দূষণের দায়ে ১২৭ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে। এর মধ্যে মাত্র ৮৮ কোটি নয় লাখ ৯৩ হাজার টাকা আদায় করতে পেরেছে তারা।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি আপিল আদালত রয়েছে। মূলত এই আদালতই দণ্ড মওকুফ করে দেয়। জানা গেছে, এখন পর্যন্ত আপিল আদালতে ১৪৬টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান জরিমানা মওকুফের জন্য আবেদন করেছে।
৪০ কোটি টাকা আদায় না করার পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ১১ কোটি টাকা মওকুফ করে তা চালান রশিদের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। যেমন: নাইটিংগেল ফ্যাশনকে জরিমানার ১৫ লাখ টাকা, ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচারকে সোয়া লাখ টাকা, হাওলাদার ব্রিকসকে চার লাখ টাকা, স্ট্যান্ডার্ড গ্রুপের মালিকানাধীন কাজীপুর ফ্যাশনসের আট লাখ টাকা মওকুফের পর তা ফেরত দেওয়া হয়।
শমরিতা হাসপাতালকে ইটিপি স্থাপন না করায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এদের পুরো টাকাই মাফ করে দেওয়া হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত সাকুরা ডাইং অ্যান্ড গার্মেন্টসের ত্রুটিপূর্ণ ইটিপির কারণে ১৪ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ছয় লাখ ৯৫ হাজার টাকা মাফ করে দেওয়া হয়। হাজারীবাগের বে-ট্যানারিজকে ইটিপি ছাড়া কারখানা পরিচালনা এবং তরল বর্জ্য বুড়িগঙ্গায় ফেলায় ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ১০ লাখ টাকাই মওকুফ করে দেওয়া হয়।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালকে ইটিপি না থাকায় চার লাখ টাকা জরিমানা করা হয়। পরে এর তিন লাখ টাকা মওকুফ করা হয়। আমিন মোহাম্মদ সিটির বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র ছাড়া আবাসন প্রকল্প নির্মাণ এবং জলাশয় ভরাটের অভিযোগে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এদের সাড়ে চার লাখ টাকা জরিমানা মাফ করে দেওয়া হয়।
২০১২ সালের জুনে বসুন্ধরা পেপার মিলসকে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে গত বছরের ৩০ এপ্রিল বসুন্ধরা পেপার মিলস ১ ও ২ নম্বর ইউনিটকে ইটিপি বন্ধ রাখার অপরাধে ২৪ লাখ ৯৬ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর মধ্যে বসুন্ধরা মন্ত্রণালয়ে আপিল করলে তাদের পেপার মিলস ২-এর পাঁচ লাখ টাকা জরিমানা মাফ করে দেওয়া হয়। ওই জরিমানার বিরুদ্ধেও মন্ত্রণালয়ের কাছে আবারও পুনর্বিবেচনার আবেদন জানানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। ফলে তারা ওই ৪৫ লাখ টাকা জরিমানার টাকাও পরিশোধ করেনি।
পরিবেশদূষণ এবং মানুষের ওপর এর প্রভাববিষয়ক গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরম্যান্স ইনডেক্স ২০১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বাতাস বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দূষিত। দূষণের ক্ষেত্রে বাংলাদেশের এই অবস্থানের জন্য বিশেষজ্ঞরা পরিবেশদূষণবিরোধী অভিযানের দুর্বলতাকে দায়ী করছেন। বিশেষ করে জরিমানা করে আদায় না করা এবং জরিমানা মওকুফের মাধ্যমে দূষণ কার্যক্রম উৎসাহিত হয় বলে মনে করছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।