পরিবেশদূষণের দায়ে সাত কারখানাকে জরিমানা
প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ঢাকার সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাত কারখানাকে ২ কোটি ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানার মালিক ও তাঁদের প্রতিনিধিদের গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে তলব করে নিয়ে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ছাড়াই বর্জ্য সরাসরি পাশের নদী ও জলাশয়ে ফেলায় পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। এ অপরাধে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকার অলি নিটিং ফেব্রিকসকে ১ কোটি ৩৬ লাখ, নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিতুন ফেব্রিকসকে ৪০ লাখ, এইচএইচ টেক্সটাইল মিলসকে ৪২ লাখ, গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরের পারমিতা ফ্যাশন্সকে পাঁচ লাখ, মদিনা ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেডকে পাঁচ লাখ, হল-মার্ক ফার্মাসিউটিক্যালসকে তিন লাখ এবং গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অলি নিটিং ছাড়া বাকি কারখানাগুলোর জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।