পরিবেশদূষণের দায়ে সিপিকে ১০ লাখ টাকা জরিমানা
পরিবেশদূষণের অপরাধে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (পোলট্রি ফার্ম) মৌলভীবাজারের কমলগঞ্জ শাখাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে পরিবেশগত ছাড়পত্র নেওয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
গত বুধবার পরিবেশ অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে অভিযোগের শুনানি শেষে ওই জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। এ সময় সেখানে সিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কমলগঞ্জ শাখার বিভাগীয় ব্যবস্থাপক ড্যান সর্নসাকুলের কাছে পাঠানো হয়। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, গত ২ জুন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা দেখেন আবাসিক এলাকায় একটি মুরগির খামার নির্মাণ করা হয়েছে। পরিবেশগত বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ না করায় দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এভাবে আশপাশে বসবাসরত জনসাধারণের দুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র ছাড়া এসব কার্যক্রম চালানো হচ্ছে। এসব কাজ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দণ্ডযোগ্য। পরিবেশগত ক্ষতি করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী সপ্তাহে পুনরায় কোম্পানিটি ভিজিট করব। তখন যদি দূষণ পাওয়া যায় তাহলে পুনরায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দূষণ না পাওয়া গেলে পরিবেশগত ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।’
সিপি বাংলাদেশের আবাসিক এলাকায় মুরগির খামার স্থাপন করার বিষয় নিয়ে গত ২৩ জুন প্রথম আলোতে ‘খামারের দুর্গন্ধে অতিষ্ঠ ৮ গ্রামের মানুষ’ এবং ৩ জুলাই ‘পোলট্রি খামার থেকে দুর্গন্ধ ছড়ানোর সত্যতা মিলেছে’ শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়েছে।