পরিবেশদূষণের দায়ে ইটভাটাকে কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী তৃতীয় সেতুর পাশে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মধ্যে ইটভাটা স্থাপন করে পরিবেশদূষণ, নাব্যতা বিঘ্নের দায়ে প্যাসিফিক মেরিন সার্ভিস অটো ব্রিকস নামের একটি প্রতিষ্ঠানকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ। গত বৃহস্পতিবার ঢাকায় অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর এ জরিমানার পাশাপাশি ইট পোড়ানো নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০০১ অনুযায়ী সিটি করপোরেশনের তিন কিলোমিটার এলাকার মধ্যে স্থাপিত ইটভাটাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। মালয়েশিয়ান মেরিটাইম এবং ড্রেজিং কনসালটেশন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ‘ক্যাপিটাল ড্রেজিং ও ব্যাংক প্রোটেকশন’ প্রকল্পের অধীনে কর্ণফুলীর খননকাজ করছে। এই প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট আবু সালেহ মো. জাফর প্যাসিফিক সার্ভিস অটো মেরিন নামের ইটভাটাটি স্থাপন করেন। খননকাজ থেকে উত্তোলিত মাটি দিয়ে এখানে ইট তৈরি করা হয়। ইটভাটাটি চিমনিনির্ভর নয়, এটি স্বয়ংক্রিয়। এতে দূষণ হয় না বলে দাবি করেছে মালিকপক্ষ।