পরিবেশদূষণের দায়ে কারখানার বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশদূষণের দায়ে গাজীপুরে একটি পোশাক কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর এলাকার ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকায় ও পরিবেশ দূষণের দায়ে ৩ জুলাই পরিবেশ অধিদপ্তর গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ কারখানা কর্তৃপক্ষকে ৭৫ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা জরিমানা করে। ওই দিন একই সঙ্গে কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদেশ অমান্য করে কারখানাটি চালু রেখে কর্তৃপক্ষ তাদের তরল বর্জ্য খালে নির্গমন করে পরিবেশের ক্ষতি সাধন করতে থাকে। এর পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালিয়ে কারখানাটির বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম এ জেড এম শারজিল হাসান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া সুলতানাসহ পল্লী বিদ্যুৎ ও তিতাস গ্যাসের প্রতিনিধি ও বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া সুলতানা জানান, গতকাল ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।