পরিবেশদূষণের দায়ে চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা
পরিশোধন ছাড়া দূষিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চট্টগ্রামের তিনটি কারখানাকে ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বহুজাতিক কোম্পানি রেকিট বেনকাইজারও রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকার পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। জরিমানা করা তিনটি প্রতিষ্ঠান হচ্ছে খুলশী এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল, নাসিরাবাদের মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নাসিরাবাদ শিল্প এলাকার রেকিট বেনকাইজার। কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে বায়ুদূষণের দায়ে রেকিট বেনকাইজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শব্দদূষণের অপরাধে ম্যাক ইন্টারন্যাশনালকে চার লাখ ও বর্জ্য নির্গমনের অপরাধে মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজকে সাত লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্বদানকারী মুনীর চৌধুরী বলেন, ম্যাক ইন্টারন্যাশনালে শব্দের মানমাত্রা পাওয়া যায় সর্বোচ্চ ১১৪ ডেসিবেল (সহনীয় মাত্রা ৭০ ডেসিবেল)। এ ছাড়া কারখানার চারপাশে ধাতব পদার্থের চূর্ণ বাতাসে উড়তে এবং মাটিতে পড়তে দেখা যায়। এ ছাড়া মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজের পরিবেশগত ছাড়পত্র এবং পরিশোধন প্লান্ট নেই। তারা দূষিত বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণ করছিল। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা ও র্যাব সহায়তা করে।